প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
শিবগঞ্জে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬৫৩ জন

স্টাফ রিপোর্টার,
মোঃ রনি রজব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে (২৪ মে) সকাল ১০ ঘটিকায় সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষসহ মোট ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সরেজমিনে উপস্থিত থেকে পুরো মেডিকেল ক্যাম্পের কার্যক্রম তদারকি করেন। ক্যাম্প শেষে তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিজিবি সেক্টর সদর দপ্তর, রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমী এবং দুইজন বেসামরিক চিকিৎসক উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা।
© দৈনিক চেতনার কন্ঠ